বিবিসি জানালার ‘আমার ইংরেজি কোর্স’-এর লেসনগুলো নিয়ে টেলিভিশনে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বিবিসি জানালা মজায় মজায় শেখা। শিক্ষার্থীরা মোবাইল ফোন, ইন্টারনেট, মোবাইল-ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন বা সিডির মাধ্যমে একযোগে এ কোর্সে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার নতুন একটি সুযোগ তৈরি হচ্ছে। লেসনগুলো পর্যায়ক্রমিকভাবে সাজানো হয়েছে। এছাড়াও কোর্সটি বিষয়নির্ভর ও সহজলভ্য। শিক্ষার্থীরা খুব সহজেই অংশ নিতে পারবেন এবং প্রয়োজনীয় লেসনের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। ইংরেজিতে নিজেদের দক্ষতা যাচাইয়ে শিক্ষার্থীরা বিভিন্ন কুইজেও অংশ নিতে পারবেন। এভাবে ২৪টি চ্যাপ্টার ও কুইজে সফলভাবে অংশ নিতে পারলেই শিক্ষার্থীরা পাবেন একটি সমাপনী পত্র। দ্বিতীয়বারের মতো নতুন ১৬টি পর্বের এই অনুষ্ঠানে থাকছে অভিনব ও প্রাণবন্ত অনেক পরিবেশনা। আরও থাকবে কমেডি, স্বল্পদৈর্ঘ্য নাটক আর ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে ইংরেজি শেখার সুযোগ। আগামী ১০ই মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। পুনঃপ্রচারিত হবে প্রতি সোমবার সকাল আটটা ৩৫ মিনিটে ও প্রতি বুধবার দুপুর দুইটা ১৫ মিনিটে। |